গ্রাহকের ই–মেইল ‘হ্যাক’–এর পর ব্যাংক হিসাব থেকে সাত লাখ টাকা স্থানান্তর, পরে উদ্ধার

গ্রাহকের ই–মেইল ‘হ্যাক’–এর পর ব্যাংক হিসাব থেকে সাত লাখ টাকা স্থানান্তর, পরে উদ্ধার

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি ভোরে সিলেট নগরের সাগরদীঘির পাড় এলাকার এক নারী (বয়স ৩০, পরিচয় প্রকাশে অনিচ্ছুক) তাঁর মুঠোফোনে সক্রিয় থাকা ব্যক্তিগত ই–মেইলটি হ্যাক হয়েছে বলে বুঝতে পারেন। পরবর্তী সময়ে তিনি তাঁর ই–মেইলের পাসওয়ার্ড (গোপন নম্বর) পরিবর্তন করেন। সে সময় তিনি মনে করেছিলেন, তাঁর ই–মেইল নিরাপদে রয়েছে। কিন্তু বিকেলে মুঠোফোনে আসা খুদে বার্তা দেখে তিনি বুঝতে পারেন, তাঁর নামে থাকা একটি বেসরকারি ব্যাংক থেকে তিন ধাপে মোট সাত লাখ টাকা অন্য একটি অ্যাকাউন্টে ‘ট্রান্সফার’ করা হয়েছে। কিন্তু তিনি সেটি করেননি। এরপর তিনি ব্যাংকে যোগাযোগ করে থানায় জিডি করেন।

জিডির তদন্ত কর্মকর্তা ছিলেন সিলেট কোতোয়ালি থানায় শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) খালেদ হাসান। তিনি প্রথম আলোকে বলেন, জিডির পরপরই তদন্ত শুরু হয়। প্রথমেই যে হিসাব নম্বরে টাকাগুলো স্থানান্তর করা হয়েছে, সে ব্যাংকে যোগাযোগ করে অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন বন্ধ রাখার অনুরোধ করা হয়। পরবর্তী সময়ে পুলিশের তদন্ত কর্মকর্তা ও ভুক্তভোগীর প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন কাগজপত্র নিয়ে গিয়ে ব্যাংকে বিষয়গুলো জানানো হয়। এরপর ওই ব্যাংক থেকে ট্রান্সফার হওয়া টাকাগুলো ফিরিয়ে দেওয়া হয়।

Scroll to Top