গণঅভ্যুত্থানের ‘মনন সৃষ্টিতে’ সিপিডির ভূমিকা ‘অশেষ’ – DesheBideshe

গণঅভ্যুত্থানের ‘মনন সৃষ্টিতে’ সিপিডির ভূমিকা ‘অশেষ’ – DesheBideshe

গণঅভ্যুত্থানের ‘মনন সৃষ্টিতে’ সিপিডির ভূমিকা ‘অশেষ’ – DesheBideshe

ঢাকা, ০১ ডিসেম্বর – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মনন সৃষ্টিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় গবেষণা সংস্থাটি সবসময় সচেষ্ট থেকেছে।

রোববার (১ ডিসেম্বর) ঢাকায় সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় একথা বলেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, বিগত ৩০ বছর ধরে বিভিন্নমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সিপিডি দেশের মানুষের কাছে নির্ভরযোগ্য এবং নির্ভীক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছে। এ কারণে এই প্রতিষ্ঠানটি সবসময় আমার কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে মন্তব্য করে সরকার প্রধান বলেন, আমি আশা করি সিপিডি অতীতের মত বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে অবদান রেখে যাবে। আগামী দিনগুলোতে দেশের প্রয়োজনে সিপিডির অধিকতর ভূমিকা রাখবে।

সিপিডি সব সময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীন ভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে বিভিন্ন সময়ে নীতি নির্ধারকদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়ার চেষ্টা করেছে দাবি করে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস বলেন, দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তন এবং দারিদ্র দূরীকরণের যে চেষ্টা আমি সারা জীবন ধরে করেছি সিপিডির কাজে সব সময় তার প্রতিফলন দেখেছি।

ড. ইউনূস বলেন, আমি আজ বিশেষভাবে অভিনন্দন জানাই সিপিডির প্রতিষ্ঠাতা আমার শিক্ষক অধ্যাপক রেহমান সোবহানকে। তিনি দেশের বিভিন্ন সময়ে তার ব্যতিক্রমী ভূমিকা রেখে চলেছেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০১ ডিসেম্বর ২০২৪



Scroll to Top