কর্মস্থলে অনুপস্থিত, একদিনে ৩ মাস ২২ দিনের স্বাক্ষর করলেন সাবেক ছাত্রলীগ নেতা

কর্মস্থলে অনুপস্থিত, একদিনে ৩ মাস ২২ দিনের স্বাক্ষর করলেন সাবেক ছাত্রলীগ নেতা

জুমবাংলা ডেস্ক : ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ছিলেন কর্মস্থলে অনুপস্থিত। হঠাৎ একদিনে ৩ মাস ২২ দিনের স্বাক্ষর করে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ইসরাইল হোসেন। এমনই ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজে। ইসরাইল হোসেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কলেজটির ইতিহাস বিভাগের প্রভাষক।

কর্মস্থলে অনুপস্থিত, একদিনে ৩ মাস ২২ দিনের স্বাক্ষর করলেন সাবেক ছাত্রলীগ নেতা

সাধারণ শিক্ষার্থীরা জানায়, রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সরকারি মাহতাব উদ্দীন কলেজে ঢুকে হাজিরা খাতায় তিনি স্বাক্ষর করেন। এ সময় শিক্ষার্থীদের সন্দেহ হলে টেবিলের উপর পড়ে থাকা হাজিরা খাতা খুলে দেখতে পান গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত তিনি প্রতিষ্ঠানে আসেননি। রবিবার সকালে প্রতিষ্ঠানে এসে বিগত ৩ মাস ২২ দিনের স্বাক্ষর একদিনে করেছেন। তবে ইসরাইল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাসের সহযোগিতায় এমন কাজ করতে পারে বলে ধারণা সাধারণ শিক্ষার্থীদের।

এ বিষয়ে জানতে শিক্ষক ইসরাইল হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানা গেছে, কলেজে এসে স্বাক্ষর করে তিনি বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও পূর্বাশা কাউন্টার ভাংচুর মামলায় আদালতে আত্মসমর্পন করতে যান। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এ ব্যাপারে সরকারি মাহতাব উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাস বলেন, গত ৫ আগস্ট থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কলেজে অনুপস্থিত ছিলেন। হাজিরা খাতায় এভাবে একদিনে স্বাক্ষর করে রাখা অন্যায়। এটা উনি ঠিক করে নাই। উনি কিভাবে এটা করলেন তদন্ত সহকারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত নয়। আর হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করে রাখার সুযোগ নেই। এটা কর্মচারী শৃঙ্খলা পরিপন্থি কাজ। যেকোনো কর্মচারী এটা করে থাকলে তা অপরাধ হিসেবেই গণ্য হবে। বিষয়টি আমি খতিয়ে দেখব।

Scroll to Top