দীর্ঘ ১৫ বছরের পথচলায় ৫ হাজারতম পর্বের মাইলফলক স্পর্শ করেছে মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় সেলিব্রিটি টক শো ‘রাঙা সকাল’। চ্যানেলটির যাত্রার প্রথম দিন থেকেই প্রতিদিন প্রচারিত হয়ে আসছে অনুষ্ঠানটি।
৫ হাজারতম পর্ব উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ মিলনমেলার। আজকের বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও ‘রাঙা সকাল’-এর পরিকল্পক অঞ্জন চৌধুরী।
রুম্মান রশীদ খান ও খালেদা আক্তারের উপস্থাপনায় আয়োজিত এই মিলনমেলায় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কথাসাহিত্যিক আনিসুল হক, শিল্পী রফিকুল আলম, অভিনেতা ফজলুর রহমান বাবু, সুরকার কবির বকুল, নির্মাতা নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খান এবং নির্মাতা অমিতাভ রেজাসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।
বংশীবাদক মনিরুজ্জামানের বাঁশির সুরে শুরু হয় ‘রাঙা সকাল’-এর ৫ হাজারতম পর্বের আনুষ্ঠানিকতা।

মাছরাঙা টেলিভিশনের বিভিন্ন আয়োজনের প্রশংসা করে ফরিদুর রেজা সাগর বলেন, দেশের লোকসঙ্গীত নিয়ে মাছরাঙা প্রথম রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’ আয়োজন করেছে। এই আয়োজনের মধ্য দিয়ে সংগীতাঙ্গনে অনেক নতুন প্রতিভার আবির্ভাব হয়েছে। এখন পর্যন্ত অনুষ্ঠানটির পাঁচটি সিজন অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, চ্যানেল আইও ‘সেরাকণ্ঠ’ ও ‘ক্ষুদে গানরাজ’-এর মতো সংগীতভিত্তিক রিয়েলিটি শো আয়োজন করে আসছে। মাছরাঙা টেলিভিশনের সঙ্গে তার সম্পর্ক আত্মিক। বিশেষ করে অঞ্জন চৌধুরী তার অত্যন্ত আপনজন। তার নেতৃত্বে মাছরাঙা দর্শকদের জন্য নানা ধরনের অনুষ্ঠান উপহার দিয়ে যাচ্ছে।
মাছরাঙার অনুষ্ঠানমালায় বিনোদনের পাশাপাশি রান্নাবিষয়ক আয়োজনও রয়েছে। ‘সেরা রাঁধুনী’ এরই মধ্যে আটটি সিজন সম্পন্ন করেছে। এ ছাড়া ‘রাঁধুনী রান্নাঘরে বাইরে’, ‘রাঁধুনী রান্না কোনো ব্যাপারই না’, ‘রাঁধুনী রান্নাঘর: বাংলার সেরা ১০০ রেসিপি’, ‘রাঁধুনী বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’ এবং ‘জিরোক্যাল ড্রিংক্স অ্যান্ড ডেজার্ট’-এর মতো অনুষ্ঠানও প্রচার করেছে চ্যানেলটি।
দর্শকদের চাহিদা বিবেচনায় নাটক, চলচ্চিত্র, টক শো, সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে আসছে মাছরাঙা। চলচ্চিত্রভিত্তিক অনুষ্ঠান ‘হাউজফুল’ উপস্থাপনা করেছিলেন অভিনেতা আলমগীর।
পডকাস্টভিত্তিক বিশেষ আয়োজন ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআর কে’ এবং শুক্রবার রাতে প্রচারিত বৈঠকী গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’ও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। দেশের অন্যতম জনপ্রিয় পুরস্কার আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’-এর অনুষ্ঠানও প্রচার করে মাছরাঙা টেলিভিশন।

এ ছাড়া বিভিন্ন জাতীয় ও বিশেষ দিবস উপলক্ষে নিয়মিত বিশেষ অনুষ্ঠান প্রচার করছে চ্যানেলটি। শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে দর্শকদের জন্য নতুন নতুন অনুষ্ঠান নির্মাণের ধারাও অব্যাহত রেখেছে মাছরাঙা।
৫ হাজার পর্ব পূর্ণ করার এই মাইলফলককে কেন্দ্র করে আয়োজিত মিলনমেলা থেকে মাছরাঙা টেলিভিশনের জন্য শুভকামনা জানানো হয়। চ্যানেলটি ভবিষ্যতেও আরও ভালো অনুষ্ঠান উপহার দিয়ে রঙিন ডানা মেলে আরও দূর এগিয়ে যাবে, এমন প্রত্যাশা আয়োজকদের।