নেত্রকোনায় পল্লী বিদ্যুতের এজিএম গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

নেত্রকোনায় পল্লী বিদ্যুতের এজিএম গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ঢাকার থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারের জন্যে গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে পুলিশের একটি টিম নেত্রকোনায় আসার পর রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ঢাকা খিলক্ষেত থানা-পুলিশের দলটি তাকে ঢাকায় নিয়ে যায় বলে জানান নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান ।

GOVT

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে মনির হোসেনকে সেনাবাহিনী আটক করে বারহাট্টা থানায় নিয়ে যায়। বারহাট্টা থানার ওসি কামরুল হাসান পরে জানিয়েছিলেন, থানা থেকে কিছু সময় পর মনির হোসেনকে ছেড়ে দেয়া হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার নেত্রকোনায় নানা দাবি আদায়ে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা নাগাদ সাড়ে ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা। এতে করে নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির আওতায় থাকা জেলার দশ উপজেলা ও পাশের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলাসহ ১২টি উপজেলার ৬ লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ভোগান্তি পোহাতে হয়।

রাতে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানিয়েছিলেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস নেত্রকোনায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ তিনি আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসেন। জেলা প্রশাসকের কার্যালয়ে ওই বৈঠকে প্রশাসনের সাথে শান্তিপূর্ন আলোচনা শেষে সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনকারীরা বিদ্যুৎ সরবরাহ চালু করেন।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আবু সাইদ বলেন, অভিন্ন চাকরি বিধি ও অনিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত করার দাবিতে গত ১০ মাস ধরে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। যৌক্তিক আন্দোলনের কারণে কয়েকদিন আগে আমদের ২০ জন কর্মকর্তাকে বিনা নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। অব্যাহতি দেওয়া কর্মকর্তাদের স্বপদে বহাল, গ্রেপ্তার কর্মকর্তার মুক্তি দেওয়াসহ অভিন্ন চাকরি বিধি ও অনিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত করার দাবিতে কমপ্লিট শাটডউন কর্মসূচি পালন করা হচ্ছে।

বারহাট্টা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মাহফুজুর রহমান বলেন, আরইবি ও পবিস একত্র করার দাবি করা হয়েছিল সেটা গ্রহণ করা হয়নি। উল্টো আমাদের শান্তিপুর্ন আন্দোলনকে সহিংস আন্দোলনের রুপ দিতে পায়তারা করছে আরইবি। গত সরকার ছাত্র আন্দোলনে যেভাবে দমন পীড়ন করেছিল, আরইবি এখন আমাদের সঙ্গে সেটাই করছে। আমাদের ২০ জন কর্মকর্তাকে বিনা নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১০ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। অব্যাহতি দেওয়া কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহাল, মামলা প্রত্যাহারসহ সকল দাবি মেনে নিতে হবে।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম তাপস দেবনাথ বলেন, “যেসব কর্মকর্তাকে চাকরিচ্যুত করাসহ মামলা দেওয়া হয়েছে, তাদের দ্রুত চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। তিনি গ্রেপ্তার হওয়া মনির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানান।”

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী মাসুম আহমেদ বলেন, ‘নেত্রকোণায় পল্লী বিদ্যুৎ সরবরাহ এখন স্বাভাবিক রয়েছে।’

Chokroanimation

Scroll to Top