সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে ভারতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না। আগে ব্যাট করে ২০৫ রান করে অস্ট্রেলিয়ার পথটা কঠিন করে তোলে রোহিত শর্মার দল। শেষ পর্যন্ত কঠিন এ পথ পাড়ি দিতে পারেনি অস্ট্রেলিয়া। ভারতের কাছে তাদের হারের ব্যবধান ২৪ রান। আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে অপেক্ষায় রেখে সেমিফাইনালে গেল ভারত।
টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান মিচেল মার্শ। অজি অধিনায়কের লক্ষ্যটা ছিল পরিষ্কার, যতটা সম্ভব ভারতকে কম রানে আটকে দেওয়া। সেই লক্ষ্যে শুরুতে কোহলিকে ফিরিয়ে অজিদের ব্রেক থ্রু এনে দিয়েছিলেন জশ হ্যাজলউড।
তবে এরপর শুরু হয় রোহিত শো। অজি বোলারদের উপর রীতিমত তান্ডব চালিয়েছেন ভারতীয় অধিনায়ক। মিচেল স্টার্কের এক ওভার থেকেই চারটি ছয় ও একটি চারে তুলেছেন ২৯ রান। ১৯ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। রোহিত যখন অর্ধশতক করেন তখন ভারতের স্কোরবোর্ডে রান ৫২। সেঞ্চুরির দিকেই ছুটছিলেন তিনি। তবে তিন অঙ্কের ঘরে যেতে পারেননি রোহিত। স্টার্কের বলে বোল্ড হওয়ার আগে ৪১ বলে ৭ বাউন্ডারি ও ৮ ছক্কায় খেলেছেন ৯২ রানের ইনিংস।
সূর্যকুমার যাদব, শিভাম দুবে ও হার্দিক পান্ডিয়াও করেছেন দারুণ ব্যাটিং। তিনজনই করেছেন টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং। তবে বেশি আক্রমনাত্মক ছিলেন হার্দিক। ১৭ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাতেই ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেন জশ হ্যাজলউড। দুটি উইকেট নিতে স্টার্ক খরচ করেছেন ৪৫ রান। মার্কাস স্টয়ানিস ছিলেন আরও বেশি খরুচে। ২ উইকেট নিতে ৪ ওভারে খরচ করেছেন ৫৬ রান।
২০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৬ বলে ৬ রান করে আর্শদ্বীপ সিংয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন অজি ওপেনার।
উইকেটে আসার পর শুরুটা ভালো করেছিলেন মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। তবে দুজনের কেউই পারেননি ম্যাচ শেষ করে আসতে। ২৮ বলে ৩৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন মার্শ। কুলদ্বীপের বলে বোল্ড হওয়ার আগে ১২ বলে ২০ রানের ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল।
তবে একপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং করেন ট্রাভিস হেড। ভারতীয় বোলারদের উপর দিয়ে রীতিমত তান্ডব চালিয়েছেন তিনি। অস্ট্রেলিয়াকে ম্যাচে রেখেছিলেন অজি এ ওপেনার। তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। জাসপ্রিত বুমরাহর বলে রোহিতের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪৩ বলে করেছেন ৭৬ রান। শেষ পর্যন্ত ১৮১ রানে থামে অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে তিনটি উইকেট শিকার করেছেন আর্শদ্বীপ। এছাড়াও কুলদ্বীপ নিয়েছেন দুটি উইকেট।