বিরাট কোহলির উড়ন্ত সূচনায় আড়াইশোর কাছাকাছি সংগ্রহ গড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংসের সামনে বড় লক্ষ্য দাঁড় করিয়ে বল হাতে দাপট দেখিয়েছেন মোহাম্মদ সিরাজ ও লোকি ফার্গুসনরা। ৬০ রানের বড় জয়ে পাঞ্জাবকে আসর থেকে বিদায় করে শেষ চারের আশা জিইয়ে রেখেছে পেপ ডু প্লেসিসের দল।
ধর্মশালা টসে জিতে বেঙ্গালুরুকে আগে ব্যাটে পাঠায় পাঞ্জাব। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৪১ রানের সংগ্রহ গড়ে বেঙ্গালুরু। জবাবে নেমে ১৭ ওভারে ১৮১ রানে গুটিয়ে যায় পাঞ্জাব।
১২ ম্যাচে পাঁচ জয়ে কোহলিদের অবস্থান টেবিলের সাতে। শেষ চারের যাত্রা কঠিন হলেও কাগজে কলমে টিকে রয়েছে দলটি। অন্যদিকে সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছিটকে গেছে পাঞ্জাব।
বেঙ্গালুরুর হয়ে ৪৭ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। ছিল ৭টি চার ও ৬টি ছক্কার মার। তিন চার ও ছয় ছক্কায় ২৩ বলে ৫৫ রানের ইনিংস খেলেন রজত পাতিদার। পাঁচ চার ও এক ছক্কায় ২৭ বলে ৪৬ রান করেন ক্যামেরুন গ্রিন। এছাড়া দিনেশ কার্তিক ৭ বলে ১৮ রান করেন।

পাঞ্জাবের হয়ে হার্শাল প্যাটেল তিনটি এবং বিদ্যাৎ কাভেরাপ্পা দুটি উইকেট নেন।
রানতাড়ায় নেমে ২৭ বলে ৬১ রান করেন রেইলি রুশো। তার ইনিংসে ছিল ৯টি চার ও তিনটি ছক্কার মার। চারটি চার ও দুই ছক্কায় ১৯ বলে ৩৭ রান করেন শশাঙ্ক সিং। ১৬ বলে ২৭ রান করেন জনি বেয়ারেস্টা। এছাড়া স্যাম কারেন ১৬ বলে ২২ রান করেন। বাকীদের কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।
বেঙ্গালুরুর হয়ে মোহাম্মদ সিরাজ তিনটি উইকেট নেন। এছাড়া স্বপ্নীল সিং, লোকি ফার্গুসন ও কারাণ শর্মা দুটি করে উইকেট নেন।

