দেশের প্রথম ডিজিটাল সিটি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে ‘ডিজিটাল সিটির পরিচ্ছন্নতাকর্মীরাই স্বাস্থ্যঝুঁকিতে’ এমন শিরোনামে বার্তা২৪.কমে’র সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেল পরিচ্ছন্নতাকর্মীরা।
সোমবার (৪ মার্চ) দেশের শীর্ষ জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কমে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার ও বুধবার (৬ মার্চ) স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পরিচ্ছন্নতাকর্মীদের দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন।
এদিকে, সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেয়ে বার্তা২৪.কমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সংশ্লিষ্টরা।
সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী রাজু মিয়া বলেন, বিগত দিনে এসব কিছুই আমরা পাইনি। ভয়ে ভয়ে কাজ করেছি। নতুন মেয়র আসার পর আজকে আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী দেওয়া হয়েছে। এ জন্য মেয়র এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানায়।

সিলেট সিটি করপোরেশনের ড্রেন পরিষ্কার কাজের সুপারভাইজার ফাহিম মিয়া বলেন, আপনাদের সংবাদ প্রকাশের পর আজকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে গামবুট, পিপি ও পায়ের মোজাসহ প্যান্ট ও পোশাক দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে হ্যান্ড গ্লাভস দেওয়া হবে।
এব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন বলেন, নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো সামগ্রী কেনা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এনজিও আমাদেরকে সহযোগিতা করছে। বিশেষত ড্রেনে নেমে কাজ করার জন্য আমাদের চিন্তা-চেতনা থেকে ডিজাইন করা হয়েছে মোজাসহ একটি প্যান্ট। যা ইতোমধ্যে পরিচ্ছন্নতাকর্মীদের দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আপনারা ভালো-খারাপ দুটি দিক সামলোচনা করবেন। যাতে আমরা ভালো কিছু করতে উদ্যমী হই। আমাদের একার পক্ষে সিলেট কিংবা দেশটাকে পরিবর্তন করা সম্ভব নয়, এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।