৮ বছর ধরে বিনা বেতনের প্রধান শিক্ষক রাশিদুল হাসান

৮ বছর ধরে বিনা বেতনের প্রধান শিক্ষক রাশিদুল হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর। বিসিএস ক্যাডার হওয়াও খুব কঠিন ছিল না, গড়তে পারতেন আরাম-আয়েশের জীবন। কিন্তু সেই পথ ছেড়ে তিনি বেছে নিয়েছেন গ্রামের শিশুদের হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব, শিক্ষার দায়িত্ব। আট বছর ধরে কোন পারিশ্রমিক না নিয়েই প্রধান শিক্ষক হিসেবে কাজ করছেন নোয়াখালীর এক প্রত্যন্ত গ্রামের স্কুলে। বিনা বেতনের এই প্রধান শিক্ষকের নাম রাশিদুল হাসান।

৮ বছর ধরে বিনা বেতনের প্রধান শিক্ষক রাশিদুল হাসান

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন রাশিদুল হাসান। নন-এমপিও এই শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ আট বছর শিক্ষকতা করেও তিনি কোনো বেতন নেননি। ব্যক্তিগত লাভ নয়, বরং গ্রামের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করাই তার একমাত্র লক্ষ্য।

পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা এবং দেশপ্রেমের শিক্ষাও দেন তিনি। তাইতো শিক্ষার্থীদের কাছে রাশিদুল হাসান শুধু একজন শিক্ষকই নন, বরং শ্রদ্ধার পাত্রও।

অভিভাবকরা বলছেন, প্রধান শিক্ষক হয়েও তার নেই কোনো বিশেষ চাহিদা বা আয়েশি জীবনযাপন। শিক্ষার্থীদের সঙ্গে একই পরিবেশে থাকেন, তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ান। স্কুলের কোনো শিক্ষার্থী অসুস্থ হলেও খোঁজ নেন রাশিদুল হাসান।

গ্রামের মেঠোপথে হেঁটে প্রতিদিন স্কুলে যান রাশিদুল হাসান। মুখে প্রশান্তির হাসি, মনে অদম্য স্বপ্ন নিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন প্রতিটি ঘরে। এমন একজন মানুষকে কাছ থেকে দেখতে এবং তার প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করতে দূর-দূরান্ত থেকেও প্রতিনিয়তই ছুটে আসছেন শিক্ষা সচেতন অভিভাবকরা।

একসময় যে অঞ্চলে শিক্ষার আলো ছিল অপর্যাপ্ত, আজ সেখানে তৈরি হয়েছে সাফল্যের গল্প। জেলা ও বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব দেখাচ্ছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে, একটি আধুনিক স্কুল ভবনের অভাব এখনও বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বেতন নয়, মানুষের ভালোবাসাই এই শিক্ষকের প্রাপ্তি। নিজের স্বপ্নকে আড়ালে রেখে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যত গড়ে চলা রাশিদুল হাসান শুধু একজন শিক্ষক নন, জীবন্ত অনুপ্রেরণার নাম।

সূত্র : বাংলাভিশন

Scroll to Top