মহাকাশপ্রেমী আট বছরের এক শিশুর চোখে ধরা পড়া একটি ছোট্ট বানান ভুল এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল আলোচনার বিষয় হয়ে উঠেছে। শিশুটি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা NASA-এর ওয়েবসাইটে ওই ভুলটি খুঁজে পায়। পরে তার বাবা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (পূর্বনাম টুইটার) পোস্ট করলে নাসার পক্ষ থেকে আসে এক মজার ও রসিক প্রতিক্রিয়া।

শিশুটির বাবা @musaratali হ্যান্ডেল ব্যবহার করে লেখেন, “আমার ৮ বছরের ছেলে নাসার ওয়েবসাইটে একটি বানান ভুল ধরেছে। সে বলছে এটি একটি ‘গুরুত্বপূর্ণ মিশন আপডেট’।”
এর জবাবে নাসা জানায়, “ওহ! আমাদের জানানোর জন্য ধন্যবাদ। হারিয়ে যাওয়া অক্ষরটি ফিরিয়ে আনতে আমরা রওনা হয়েছি।” এই রসিক উত্তরটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে শিশুটির বাবা আরও জানান, নাসার এই প্রতিক্রিয়ায় তার ছেলে খুবই খুশি হবে। কারণ সে রকেট উৎক্ষেপণ নিয়ে গভীরভাবে আগ্রহী এবং ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখে। তিনি মজার ছলে বলেন, ছেলে নিজেকে “উল্টোভাবে উড়তে পারা মহাকাশচারী” হিসেবে কল্পনা করতে পছন্দ করে।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া ভুল শেয়ার করতে শুরু করেন। অনেকে শিশুটির তীক্ষ্ণ দৃষ্টি ও কৌতূহলের প্রশংসা করেন। একজন মন্তব্য করেন, “আজ সে বানান ঠিক করছে, কাল হয়তো মঙ্গল গ্রহে বসতি পরিচালনা করবে।”
আরেকজন লেখেন, এই শিশুর কৌতূহলই তাকে ভবিষ্যতে অনেক দূর নিয়ে যাবে। অনেকেই মনে করছেন, ছোটবেলা থেকেই এমন মনোযোগ ও আগ্রহ তাকে বড় সাফল্যের পথে এগিয়ে নিতে পারে।



