দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। প্রথম চালানে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে এসেছে। ব্যবসায়ীদের আশা, ধারাবাহিকভাবে আমদানি অব্যাহত থাকলে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া কাঁচা মরিচের দাম দ্রুত কমতে শুরু করবে।
ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান জানান, সোমবার (৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে ১০ ট্রাকে প্রায় ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। প্রতিটি ট্রাকে ৯ থেকে ১০ মেট্রিক টন কাঁচা মরিচ ছিল। শুল্ক ও কাস্টমস কার্যক্রম শেষে এসব মরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়েছে।
ব্যবসায়ীরা জানান, বাজারে সরবরাহ সংকট মোকাবেলায় গত ২ আগস্ট ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও করও কমানো হয়েছে, যাতে দ্রুত বাজারে সরবরাহ বাড়ানো সম্ভব হয়।
টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনে বড় ধরনের ক্ষতি হয়েছে। এর প্রভাব পড়ে বাজারে। মাত্র দুই সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হলেও সাম্প্রতিক সময়ে তা বেড়ে ২৫০ থেকে ৩০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
সাতক্ষীরা শহরের কাঁচা-পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, অতিবৃষ্টিতে মরিচের পাশাপাশি অন্যান্য সবজির উৎপাদনও কমে গেছে। ফলে বাজারে সরবরাহ সংকট তৈরি হয়ে দাম কয়েক গুণ বেড়ে যায়। তবে ভারত থেকে আমদানি শুরু হওয়ায় মঙ্গলবার থেকেই বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, প্রথম চালানের পর মঙ্গলবারও আরও কাঁচা মরিচ আমদানির অপেক্ষা রয়েছে। ধারাবাহিকভাবে আমদানি অব্যাহত থাকলে বাজারে সরবরাহ বাড়বে এবং কাঁচা মরিচের দাম ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।



