
ঢাকা, ১৯ আগস্ট – দেশের কর্মসংস্থান বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষে ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ৫ হাজার কোটি টাকার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ এর মধ্যে এই বিশেষ চুক্তিটি সম্পাদিত হয়। এর মাধ্যমে দেশের মাইক্রো এন্টারপ্রাইজ বা ক্ষুদ্র উদ্যোগগুলোতে অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বুধবার বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান এবং এসএমই অ্যান্ড এসপিডির পরিচালক নওশাদ মোস্তাফা।
অন্যদিকে পিকেএসএফ এর পক্ষে প্রতিনিধিত্ব করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, উপ ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান।
উল্লেখ্য যে দেশের সার্বিক কর্মসংস্থান পরিস্থিতি জোরদার করতে গত ২৩ মে বাংলাদেশ ব্যাংক পিকেএসএফ এর মাধ্যমে বাস্তবায়নের জন্য এই ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছিল। পিকেএসএফ ইতোমধ্যে এই তহবিল ব্যবহারের মাধ্যমে দেশব্যাপী বিশেষ কর্মসূচি পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সম্ভাবনাময় ক্ষুদ্র উদ্যোগগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও কারিগরি সহায়তা নিশ্চিত করার মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা।
কর্মসূচিটি মূলত তিনটি প্রধান উপাদানের সমন্বয়ে বাস্তবায়িত হবে যার মধ্যে রয়েছে আর্থিক পরিষেবা প্রদান, ব্যবসা গুচ্ছভিত্তিক ভ্যালু চেইন উন্নয়ন এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি।
পিকেএসএফ সারা দেশে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ব্যবসাগুলোকে বড় করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে যাতে এই খাতে অন্তত ২ লাখ নতুন কাজের সুযোগ তৈরি হয়। এই তহবিলের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি একটি আবর্তনশীল তহবিল। ঋণের টাকা ফেরত আসার পর তা পুনরায় নতুন উদ্যোক্তাদের প্রদান করা হবে। এতে তহবিলের নিয়মিত প্রবাহ বজায় থাকবে এবং সাধারণ মানুষের আয় ও কর্মসংস্থান বৃদ্ধির পথ সুগম হবে।
এনএন/ ১৯ আগস্ট ২০২৬


