দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার অভিযোগ তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুনের করা রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
আদালত অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি একটি রুলও জারি করেছেন। রুলে অভিযোগ ওঠা টুথপেস্টগুলো পরীক্ষার আগেই বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
রুলে স্বাস্থ্য সচিব, পরিবেশ সচিব, শিল্প সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

