ফ্রান্সের প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে দুই দলের ফুটবলারদের সংঘর্ষ থামাতে গিয়ে মাঠেই লুটিয়ে পড়লেন ২৬ বছর বয়সী নারী রেফারি মাথিলদে দেমোঁসে। প্রাথমিক চিকিৎসার পর প্রথমার্ধের বাকি সময় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করলেও দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি তিনি।
ঘটনাটি ঘটে ফরাসি ক্লাব মেৎজ ও নেদারল্যান্ডসের ক্লাব ফরচুনা সিতার্দের মধ্যকার প্রীতি ম্যাচে।
ম্যাচটি অনুষ্ঠিত হয় ফ্রান্সের পূর্বাঞ্চলের ফরবাখের শ্লসবের্গ স্টেডিয়ামে। গ্যালারিতে ফরাসি ভাষায় বড় করে লেখা ছিল, ‘রেসপেকতেই লা’রবিতার’যার অর্থ ‘রেফারিকে শ্রদ্ধা করুন’। সেই ব্যানারের সামনেই ফুটবলারদের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন দেমোঁসে।
ম্যাচের ৩৯তম মিনিটে জার্সি টানাটানিকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দেমোঁসে। তবে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি থামানোর চেষ্টা করতে গিয়ে তিনি নিজেই আঘাত পেয়ে মাঠে লুটিয়ে পড়েন।
এরপর সহকারী রেফারি, নিরাপত্তাকর্মী ও চিকিৎসাকর্মীরা দ্রুত মাঠে এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এ সময় সহকর্মীরা তাকে মানসিকভাবে সাহস জোগানোর চেষ্টা করেন। পরে দুই দলের খেলোয়াড়ও নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে খেলা পুনরায় শুরু করেন।
তবে মূল রেফারির দায়িত্বে আর ফিরতে পারেননি দেমোঁসে। প্রথমার্ধের বাকি সময় তিনি সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করলেও দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি।
ঘটনাবহুল ম্যাচে ৩-১ গোলে জয় পায় মেৎজ। তবে ম্যাচটি নিয়ে ক্লাবটির ওয়েবসাইটে কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। অন্যদিকে ফরচুনা সিতার্দ তাদের ম্যাচ-প্রতিবেদনে ঘটনাটিকে একটি ব্যতিক্রমী মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে।




