
ঢাকা, ৭ আগস্ট – আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয়। এদিকে রাষ্ট্রপতি পদের প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচন ঘিরে এখন পর্যন্ত বেশ কয়েকজনের নাম আলোচনায় এলেও বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বারবার উঠে আসছে। যদিও দলের পক্ষ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
উল্লেখ্য যে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই রাষ্ট্রপতির পদটি শূন্য রয়েছে।
মির্জা ফখরুল ছাড়াও ড. আবদুল মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।
সম্প্রতি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের একটি বক্তব্যে এই জল্পনা নতুন মাত্রা পেয়েছে। রাজধানীতে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত এক সেমিনারে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন বর্ষীয়ান ও প্রজ্ঞাবান নেতা হিসেবে অভিহিত করেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন যে ভবিষ্যতে প্রধান অতিথি হিসেবে তার সামনে কথা বলার সুযোগ পাবেন কি না তা অনিশ্চিত। মন্ত্রীর এই পরোক্ষ ইঙ্গিতকে অনেকেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীর সংকেত হিসেবে দেখছেন।
তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ১৪ আগস্ট যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট এবং ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। এখন সবার দৃষ্টি রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক ঘোষণার দিকে।
এনএন/ ৭ আগস্ট ২০২৬






