সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চশমা হিলের বাসভবনে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ – DesheBideshe

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চশমা হিলের বাসভবনে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ – DesheBideshe


সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চশমা হিলের বাসভবনে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ – DesheBideshe

চট্টগ্রাম, ৭ আগস্ট – চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ভবনটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে এই আগুনের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি সুসংগঠিত দল গভীর রাতে বাসভবনটি লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ দাহ্য বস্তু ছুড়ে মারে। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দেখে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে নওফেল আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে বাসভবনটি পরিত্যক্ত বা খালি অবস্থায় রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই বছরে এ নিয়ে চতুর্থবার এই বাসভবনে হামলার ঘটনা ঘটল। এর আগে ২০২৪ সালের ৩ আগস্ট ও ৫ আগস্ট এবং ২০২৫ সালের ডিসেম্বরেও এই ভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ৬ থেকে ৭ জন দুর্বৃত্তের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এনএন/ ৭ আগস্ট ২০২৬



Scroll to Top