টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে সোমবারের (১৩ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সারাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
রোববার (১২ জুলাই) ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শিক্ষামন্ত্রী জানান, অতিবৃষ্টি ও বন্যার কারণে কোথায় কী ধরনের সমস্যা তৈরি হয়েছে, সে বিষয়ে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে তথ্য চেয়েছে মন্ত্রণালয়।
সোমবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, মাঠপর্যায়ের তথ্যের পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসও পর্যালোচনা করা হচ্ছে। শনিবার থেকেই শিক্ষা মন্ত্রণালয় জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এরই মধ্যে কয়েক দিনের টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্য শিক্ষা বোর্ডগুলোতে এ সময় যেসব পরীক্ষা অনুষ্ঠিত হবে, চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের জন্য সেগুলো পরে পৃথকভাবে নেওয়া হবে।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত ২ জুলাই শুরু হওয়া এ পরীক্ষায় সারা দেশের লাখো শিক্ষার্থী অংশ নিচ্ছে।



