
ঢাকা, ২৫ এপ্রিল – চলচ্চিত্র প্রযোজনার প্রলোভন দেখিয়ে ১৩ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সম্প্রতি এই প্রতারণার মামলার বিষয়টি প্রকাশ্যে আসে।
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা একটি প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় দেবু প্রসাদ রায়কে গ্রেফতারের পর আদালতে হাজির করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
গত ১৮ এপ্রিল এই আদেশ দেওয়া হলেও বিষয়টি শনিবার জানাজানি হয়।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, প্রায় ৮ থেকে ১০ দিন আগে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী মিজানুর রহমানের কাছ থেকে চলচ্চিত্র প্রযোজনার নাম করে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর দেবু প্রসাদ রায় প্রথম দফায় ৫ কোটি ৫০ লাখ টাকা নেন। এরপর আরও ৫০ লাখ টাকা এবং ২০২৪ সালের ১৫ মে স্ট্যাম্পের মাধ্যমে ৬ কোটি টাকা গ্রহণ করেন।
এছাড়া বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আরও ১ কোটি ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সর্বশেষ চলতি বছরের ৩০ মার্চও বিকাশের মাধ্যমে অর্থ পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘ সময় অতিবাহিত হলেও কোনো অর্থ ফেরত দেওয়া হয়নি। পাওনা টাকা দাবি করলে নানা অজুহাতসহ তাকে হুমকি দেওয়া হয়।
প্রতারণার মাধ্যমে সর্বমোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এনএন/ ২৫ এপ্রিল ২০২৬






