১০ মিনিটের ঝড়ে রিয়ালকে পেছনে ফেলে শীর্ষে বার্সেলোনা

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে শ্বাসরুদ্ধকর প্রত্যাবর্তনের গল্প লিখে স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। ম্যাচের শুরুতেই দুই গোল হজম এবং প্রথমার্ধে লামিন ইয়ামালের পেনাল্টি মিসের ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ঝড়ে ভিয়ারিয়ালকে ৩–২ ব্যবধানে হারিয়েছে কাতালানরা। এই রোমাঞ্চকর জয়ে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান তিনে বাড়িয়ে শীর্ষস্থান ধরে রাখল হান্সি ফ্লিকের দল।

রিয়ালকে পেছনে ফেলে শীর্ষে বার্সেলোনা

ম্যাচের বয়স তখন মাত্র সাত মিনিট; এর মধ্যেই দুই গোল খেয়ে বসে বার্সেলোনা। ঘরের মাঠে এমন দুঃস্বপ্নের শুরু হলে ম্যাচে ফেরা কঠিনই। পঞ্চম মিনিটে নিজ রক্ষণভাগে ফেরমিন লোপেজের ভুল পাস থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে দারুণ শটে ভিয়ারিয়ালকে এগিয়ে নেন তাজন বুকানন। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তানি ওলুয়াসেই। কানাডিয়ান ফরোয়ার্ডের জোরালো শট ঠেকানোর সুযোগ পাননি গোলকিপার হোয়ান গার্সিয়া।র

প্রথমার্ধে ম্যাচে ফেরার সুযোগ অবশ্য পেয়েছিল স্বাগতিকেরা। ২২ মিনিটে ইয়ামালকে ফাউল করে বসেন ওলুয়াসেই; ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে ২৩ মিনিটে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন ইয়ামাল—তার বাঁ পায়ের শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। পরে আরও কয়েকবার চেষ্টা করেও গোলের দেখা পাননি ভিয়ারিয়ালের বিপক্ষে আগের ছয় ম্যাচে পাঁচ গোল করা এই তরুণ। বিরতির সময় তাই ২–০ গোলে এগিয়ে ছিল সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে অবশ্য অন্য এক বার্সেলোনাকে দেখা যায়। আক্রমণের গতি বাড়িয়ে ভিয়ারিয়ালের রক্ষণে চাপ তৈরি করতে থাকে কাতালানরা। ৫৬ মিনিটে জোয়াও কানসেলোর শট পোস্টে লেগে ফিরে আসে। পরের মিনিটেই ব্যবধান কমান জেরার্দ মার্তিন। পেদ্রির ক্রস থেকে হেডে গোল করেন বার্সেলোনার এই ডিফেন্ডার।

সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা। ৬১ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে বল নিয়ে বক্সের সামনে ঢুকে পড়েন ইয়ামাল। তার বাড়ানো বল পেয়ে প্রথম ছোঁয়ায় জালে পাঠান শুরুতে ভুল পাস দেওয়া ফেরমিন লোপেজ।

সমতায় ফেরার পর বার্সেলোনাকে আর থামানো যায়নি। ৬৭ মিনিটে এগিয়েও যায় দলটি। ইয়ামালের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর এরিক গার্সিয়ার বাড়ানো বল নিজেদের জালে পাঠিয়ে দেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাউ নাভারো। ১০ মিনিটের ব্যবধানে ২–০ থেকে ৩–২—বার্সেলোনার প্রত্যাবর্তন সম্পন্ন হয় এভাবেই, যেখানে আত্মঘাতী গোলে ‘অবদান’ ছিল ভিয়ারিয়ালেরও।

Scroll to Top