ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা

ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা

ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে উপনির্বাচনকে ঘিরে বিএনপির নেতাদের মধ্যে তৎপরতা বেড়েছে। দলীয় মনোনয়ন পেতে কেউ জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন দলের জ্যেষ্ঠ নেতাদের কাছে, কেউ অনুসারীদের নিয়ে সভা-সমাবেশ ও মিছিল করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভোট ও দোয়া চেয়ে প্রচার চালাচ্ছেন কেউ কেউ।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে এখন পর্যন্ত পাঁচজনের নাম নিয়ে বেশি আলোচনা হচ্ছে।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্যের (কিশোরগঞ্জ-৩) পদ থেকে ১৭ নভেম্বর পদত্যাগ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক। এর পর থেকে এই আসনে বিএনপির প্রার্থী কে হবেন, তা নিয়ে করিমগঞ্জ ও তাড়াইলের হাটবাজার, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে আলোচনা চলছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের পাশাপাশি জামায়াতে ইসলামী এবং স্বতন্ত্র প্রার্থীদের অনুসারীরাও তৎপর হয়ে উঠেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও জালাল মোহাম্মদ গাউস; সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মো. এরশাদ আহসান ও তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মো. সারওয়ার হোসেন।

Scroll to Top