হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা | চ্যানেল আই অনলাইন

হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ পরিকল্পনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির শীর্ষ নেতারা স্পষ্ট করে বলেছেন, কোনো ধরনের হুমকির কাছে তারা নতি স্বীকার করবেন না।

বিবিসি জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে ওয়াশিংটনের অতিরিক্ত দাবি, অবস্থান পরিবর্তন এবং অবরোধের সিদ্ধান্তে সেই সম্ভাবনা ভেস্তে যায়।

এদিকে পাকিস্তানে আলোচনায় নেতৃত্ব দেওয়া ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বর্তমান জ্বালানি মূল্যের সুবিধা ভোগ করে নিতে কারণ কথিত অবরোধ কার্যকর হলে ভবিষ্যতে ৪ থেকে ৫ ডলারের জ্বালানির মূল্যও মানুষ স্মরণ করবে।

এর আগে এক বিবৃতিতে গালিবাফ আরও বলেন, হুমকির মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে যাওয়া-আসা করা সব জাহাজে অবরোধ আরোপের হুমকি দেওয়ার পর ইরানের নৌবাহিনীও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।

তারা সতর্ক করে বলেছে, এই জলপথের দিকে কোনো সামরিক জাহাজ অগ্রসর হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। এই উত্তেজনা অব্যাহত থাকলে তা আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Scroll to Top