দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের কারও শরীরে হাম রোগ নিশ্চিত হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ জন।
এ নিয়ে দেশে নিশ্চিত ও সন্দেহভাজন হাম মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬০১ জনে দাঁড়িয়েছে।
বুধবার ৩ জুন বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে মারা গেছে ৫১১ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০১ জনে।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৯১ জন। আর সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৫৭২।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬০ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৫৫ হাজার ৯৪২ জন হাসপাতাল ছেড়েছে।





