হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ ভোটাভুটি – DesheBideshe

হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ ভোটাভুটি – DesheBideshe


হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ ভোটাভুটি – DesheBideshe

তেহরান, ৭ এপ্রিল – হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উত্তেজনা এক নতুন ধাপে পৌঁছেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের ভবিষ্যৎ নির্ধারণের লক্ষ্যে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মূলত ইরানের হুমকিকে কেন্দ্র করে একটি সংশোধিত প্রস্তাবের ওপর এই ভোট গ্রহণ করা হবে। উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলোর সমর্থনে বাহরাইন প্রায় দুই সপ্তাহ আগে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল।

প্রাথমিক ওই খসড়ায় হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে বল প্রয়োগের অনুমোদন চাওয়া হয়েছিল। তবে সম্ভাব্য ভেটো এড়াতে পরবর্তী সময়ে প্রস্তাবটি সংশোধন করে কিছুটা নমনীয় করা হয়। সর্বশেষ সংশোধিত খসড়ায় ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করা এবং প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতায় বাধা সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে। এই প্রস্তাবে সরাসরি সামরিক শক্তি ব্যবহারের কোনো অনুমোদন রাখা হয়নি। এর বদলে পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রগুলোকে প্রতিরক্ষামূলক পদক্ষেপে সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে।

এর ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে জাহাজগুলোকে এসকর্ট দেওয়ার বিষয়টিও প্রস্তাবে যুক্ত করা হয়েছে। এছাড়া প্রণালিতে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হলে নিরাপত্তা পরিষদ অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখবে বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত নয়টায় এই ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছিলেন এবং তা না হলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬



Scroll to Top