হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন – DesheBideshe

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন – DesheBideshe


হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন – DesheBideshe

তেহরান, ১৭ এপ্রিল – ইরান তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে।

শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতির পর বিশ্ববাজারে তেলের মূল্য এক ধাক্কায় অনেকটা কমে যায়।

বাজার বিশ্লেষণ করে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে যে দিনের শুরুতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম ৯৮ ডলারের উপরে থাকলেও ঘোষণার পর তা ৯০ ডলারের নিচে নেমে আসে। একইভাবে যুক্তরাষ্ট্রের তেলের বাজার সূচক নাইমেক্স এর লাইট সুইট ক্রুডের দামও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির আগে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৭০ ডলারের নিচে। তবে মার্চ মাসের শুরুতে সংঘাতের জেরে এই দাম ১০০ ডলার ছাড়িয়ে যায় এবং এক পর্যায়ে রেকর্ড ১১৯ ডলারে পৌঁছায়।

দীর্ঘ উত্তেজনার পর গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি খুলে দেওয়ায় সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রেক্ষিতে ইরান এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম ব্যস্ততম তেল পরিবহন পথ হওয়ায় এটি খুলে দেওয়া বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন পরিস্থিতির এই উন্নতি অব্যাহত থাকলে তেলের বাজার আরও স্থিতিশীল হয়ে উঠবে।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬



Scroll to Top