
তেহরান, ১৪ জুলাই – হরমুজ প্রণালিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। পারস্য উপসাগরের এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ গ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে তেহরান বলেছে, এই অঞ্চলে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।
ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার পূর্ণ সক্ষমতা তাদের রয়েছে। সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অবস্থান ব্যক্ত করেন খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি।
সম্প্রতি ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেবে এবং জলপথটির সুরক্ষায় রক্ষাকর্তার ভূমিকা পালন করবে। ট্রাম্পের এমন দাবিকে ভিত্তিহীন এবং উস্কানিমূলক বলে অভিহিত করেছে ইরান।
মুখপাত্র জোলফাকারি অভিযোগ করেন যে, ওয়াশিংটন এই অঞ্চলে বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্তর্জাতিক তেল বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর অনুমতি ছাড়া এবং নির্ধারিত আন্তর্জাতিক নৌসীমা লঙ্ঘন করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তেহরান তার কঠোর জবাব দেবে।
এছাড়া এই জলপথে মার্কিন আগ্রাসনে অন্য কোনো প্রতিবেশী দেশ সহযোগিতা করলে তা ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখা হবে। কোনো অনাকাঙ্ক্ষিত সংঘাত শুরু হলে এর দায়ভার যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেরই নিতে হবে বলে তিনি সতর্ক করেন।
এস এম/ ১৪ জুলাই ২০২৬





