স্বামীকে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষণ: স্বর্ণালঙ্কার লুট | চ্যানেল আই অনলাইন

স্বামীকে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষণ: স্বর্ণালঙ্কার লুট | চ্যানেল আই অনলাইন

ঢাকার ধামরাইয়ে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। ধারালো অস্ত্রের মুখে তার স্বামীকে জিম্মি করে ঘরের খুঁটিতে বেঁধে রেখে ওই গৃহবধূকে রাতভর ধর্ষণ করে গৃহবধূর কানের দুল, গলার চেইন ও হাতের বালাসহ প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণের গহনা ছিনিয়ে নেয় ধর্ষণকারীরা।

রোববার (১৮ জানুয়ারি)  দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

ভিকটিমসূত্রে জানা যায়, মানিকগঞ্জ এলাকার বাসিন্দা ও ধামরাই উপজেলার পাবরাইলের একটি প্রতিষ্ঠানের গাড়িচালক তার স্ত্রীকে নিয়ে বালিয়াটি প্রাসাদ ঘুরতে যান সহকর্মী রামরাবণ গ্রামের ফনি চন্দ্র মনি দাসের ছেলে এবং ওই প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী কৃষ্ণচন্দ্র মনি দাসকে সঙ্গে নিয়ে।

ঘোরাফেরা শেষে সন্ধ্যার দিকে তারা কৃষ্ণচন্দ্র মনিদাসের বাড়িতে বেড়াতে যান। এরপর তাদের রাত্রিযাপনের জন্য কৃষ্ণচন্দ্র মনিদাসের বোন শান্তি রানী দাসের বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাত ১২টার দিকে পাঁচ-সাতজন যুবক চাপাতি ও রামদা নিয়ে এসে স্বামীকে রশি দিয়ে বেঁধে তার স্ত্রীকে রাতভর ধর্ষণ করে।

ঘটনার পর সোমবার সকালে ভুক্তভোগীরা স্থানীয় ইউপি সদস্য মন্টু চন্দ্র মনি দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চান। এতে ক্ষিপ্ত হয়ে সজীব চন্দ্র মনি দাসসহ উচ্ছৃঙ্খল কিছু যুবক ধর্ষণের শিকার নারী ও তার স্বামীকে লাঠিপেটা করে গ্রাম থেকে বের করে দেয় বলে এলাকাবাসী জানায়।

এ বিষয়ে ধামরাই থানার এএসআই হারাধন সরকার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে কাউকে খুঁজে পায়নি । এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Scroll to Top