
ঢাকা, ৩০ অক্টোবর – দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাসের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। অন্যথায় আরও বড় কর্মসূচি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশাল গণবিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
“নব্য স্বৈরাচার ও দুর্নীতির রাজত্ব চলছে”
সরকার ও বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গত এক সপ্তাহ ধরে এনসিপির নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। মানুষ এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের অনুপস্থিতি এবং চরম নিরাপত্তাহীনতায় জর্জরিত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, “আমরা দেখছি তারেক রহমানের দেশ পরিচালনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তাদের পরিকল্পনা হলো দুর্নীতি, চাঁদাবাজি আর দখলবাজি। বিএনপির অভ্যন্তরে আমরা এখন নব্য স্বৈরাচারের উত্থান দেখতে পাচ্ছি।”
সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি
সমাবেশ থেকে সংবিধান সংস্কারের বর্তমান প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। নাহিদ ইসলাম দাবি জানান, বর্তমানে গঠিত সংবিধান সংস্কার কমিটি বাতিল করে অবিলম্বে একটি কার্যকর ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে।
এছাড়া দেশের চলমান বিভিন্ন সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ডিসেম্বরে পতিত স্বৈরাচারের দেশে ফেরার গুঞ্জন চলছে। কিন্তু বিএনপি অতীতে নিজেদের নেতাকর্মীদেরই রক্ষা করতে পারেনি, তারা জনগণকে কীভাবে রক্ষা করবে? সীমান্ত হত্যা, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিয়ে নানা ষড়যন্ত্র এবং পাহাড়ি অঞ্চলকে অশান্ত করে পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন এই বিরোধীদলীয় নেতা।
এনএন/ ৩০ অক্টোবর ২০২৬



