সেমিতে চোখ অজিদের, অস্ট্রেলিয়াকে আটকাতে চায় আফগানরা | চ্যানেল আই অনলাইন

সেমিতে চোখ অজিদের, অস্ট্রেলিয়াকে আটকাতে চায় আফগানরা | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নামবে অস্ট্রেলিয়া। ম্যাচের আগে অজি ব্যাটার মার্নাস লাবুশেন জানিয়েছেন, চোখ সেমিফাইনালে। অন্যদিকে দুর্দান্তভাবে ইংলিশদের হারানো আফগানরাও ছেড়ে কথা বলতে চান না অজিদের। দলটির অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী জানিয়েছেন, পুরো অস্ট্রেলিয়াকে নিয়েই তাদের পরিকল্পনা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লাবুশেন বলেছেন, ‘ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, আমার মনে হয় আমরা সেমিফাইনাল খেলব। কিন্তু আমরা কালকের ম্যাচ খেলতে চাই এবং জিতে গ্রুপের শীর্ষে থেকে শেষ করতে চাই।’

অন্যদিকে আফগান অধিনায়ক হাসমতউল্লাহর পরিকল্পনায়, ‘আমরা পুরো অস্ট্রেলিয়া দলকে ঘিরে পরিকল্পনা করছি। আমরা শুধু প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা করি না। আমরা শুধু ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলছি না, আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছি। জানি ম্যাক্সওয়েল ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে, সেটা ইতিহাসের অংশ। আমরা টি-টুয়েন্টি বিশ্বকাপে তাদের হারিয়েছি।’

শুক্রবার গ্রুপপর্বের শেষ ম্যাচে নামবে দুদল। বৃষ্টিতে ভেসে গেলে সরাসরি সেমিফাইনালে চলে যাবে অজিরা। অন্যদিকে সকারুজদের হারাতে পারলে রানরেটের হিসাব-নিকাশ থাকছে আফগানদের হাতে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়।

Scroll to Top