যুক্তরাষ্ট্রে আয়োজিত ২০২৬ সালের সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে ২৫ সদস্যের বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ৩ থেকে ৬ মে পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে জ্বালানি, প্রযুক্তি, কৃষিব্যবসা, প্রকৌশল ও ব্যবসা সেবা খাতের উদ্যোক্তা ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে অন্যতম শীর্ষ আয়োজন। এর মাধ্যমে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন সংস্থাগুলোর সংযোগ স্থাপন করা হয়, যা নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখে।
২০২৬ সালের এই সম্মেলনের আয়োজন করছেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব কমার্স হাওয়ার্ড লাটনিক। এবারের সামিটটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র তার ২৫০তম জন্মবার্ষিকী উদ্যাপন করছে। সম্মেলনে তুলে ধরা হবে, কীভাবে বৈদেশিক বিনিয়োগ যুক্তরাষ্ট্রের উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।





