ট্রাম্পের ঘোষণায় আস্থা ফেরেনি, বিশ্ব বাজারে অপরিবর্তিত তেলের দাম | চ্যানেল আই অনলাইন

ট্রাম্পের ঘোষণায় আস্থা ফেরেনি, বিশ্ব বাজারে অপরিবর্তিত তেলের দাম | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও তেলের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজ চলাচল স্বাভাবিক করতে নতুন পরিকল্পনা ঘোষণা করলেও বাজারে তেমন ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আল জাজিরা জানিয়েছে, আজ (৪ মে) সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল। জুলাই মাসের সরবরাহের জন্য প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ১০৮ দশমিক ১১ ডলার, যা আগের দিনের তুলনায় সামান্য কম।

এর আগে রোববার ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম নামে একটি উদ্যোগের কথা জানান। এই পরিকল্পনার আওতায় হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে চলাচলে সহায়তা করা হবে বলে উল্লেখ করা হলেও, কীভাবে এই কার্যক্রম পরিচালিত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সরাসরি অংশগ্রহণ থাকবে কি না, তাও স্পষ্ট করা হয়নি। পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তারা জাহাজ চলাচলে সহায়তা করবে। ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ, শতাধিক আকাশ ও সমুদ্রভিত্তিক যান, বিভিন্ন ধরনের চালকবিহীন প্ল্যাটফর্ম এবং প্রায় ১৫ হাজার সামরিক সদস্য অভিযানে যুক্ত থাকবে।

অন্যদিকে, ইরানের পক্ষ থেকে এই পরিকল্পনার বিরোধিতা করা হয়েছে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ চলমান সমঝোতা লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

Scroll to Top