মাত্র সাত বছর বয়সে পৃথিবীর সাতটি মহাদেশ ভ্রমণের কীর্তি গড়েছে যুক্তরাষ্ট্রের এক শিশু। রূপকথার মতো কীর্তি গড়া এ শিশুর নাম উইল্ডার ম্যাকগ্র। বয়স সাত পূর্ণ হতে হতে সে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং সবশেষে বরফে মোড়া অ্যান্টার্কটিকায় পা রেখেছে।
উইল্ডারের ভ্রমণজীবনের শুরুটা হয়েছিল জন্মের মাত্র ৮ সপ্তাহ পর ২০১৮ সালের আগস্টে। পর্তুগালে ছিল তার প্রথম বিদেশযাত্রা। মা–বাবা জর্ডি লিপে-ম্যাকগ্র ও রস ম্যাকগ্রর সঙ্গে। এরপর দুই বছর পূর্ণ হওয়ার আগেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, কানাডা ও মেক্সিকো ঘুরে ফেলে সে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তালিকায় যুক্ত হতে থাকে ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলো।

