বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে হানা দিয়েছে বৃষ্টি। এতে খেলা বন্ধ রয়েছে প্রায় দুই ঘণ্টার মত। ঘণ্টাখানেক আগে বৃষ্টি থামলেও মাঠ খেলার জন্য প্রস্তুত হতে সময় লেগেছে। বিকেল ৪টা ৩০ মিনিট থেকে পুনরায় শুরু হবে লড়াই। ওভার কেটে ম্যাচ গড়াবে ১৫ ওভারে। পাওয়ার প্লে হবে ৪.৩ ওভার।
বিকেল ৪টা ১৭ মিনিটে মাঠ পরিদর্শন শেষে খেলা শুরুর সময় জানান আম্পায়াররা। সেই সঙ্গে জানান, ওভার কমানোর কথা। বোলাররা সর্বোচ্চ ৩ ওভার করে করতে পারবেন। ইনিংস ব্রেক হবে ১০ মিনিটের।
দুপুর ২টা ৩৫ মিনিটে বৃষ্টি নামে মিরপুরে। মুষলধারে একটানা ৪০ মিনিট বৃষ্টির পর বেলা ৩টা ১৫ মিনিটে বৃষ্টি থামে। মিনিটখানেক পর মাঠে প্রবেশ করেন চতুর্থ আম্পায়ার। গ্রাউন্ডসম্যানরা এ সময় মাঠ থেকে পানি সরানোর কাজে নামেন।
টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের স্কোর তখন ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান। এমন সময় মিরপুরে বৃষ্টি হানা দেয়। লিটন দাস ১৩ বলে ২৫ ও তাওহীদ হৃদয় ৫ বলে ২ রানে অপরাজিত আছেন।
এর আগে ব্যাটে নেমে জেডেন লেনক্সের অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেয়া বলে সাইফ হাসান ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে শট খেলতে চেয়েছিলেন। টাইমিং ঠিকঠাক না হওয়ায় ধরা পড়েন টিম রবিনসনের হাতে, ১৬ রানে থামে তার ইনিংস।
এরপর নাথান স্মিথের পরপর দুই বলে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ১০ বলে ৬ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন তানজিদ। পরের বলেই ইমন আপার কাট খেলতে পারেননি। থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা ইশ সোধি সহজ ক্যাচ নিলে ইমন গোল্ডেন ডাক মেরে ফিরে যান।
ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। খেলা না হলে সিরিজের শিরোপা উঠবে টাইগারদের হাতে। খেলা সরাসরি ধারাভষ্য শোনা যাচ্ছে রেডিও ভূমিতে।




