
ছবি: সংগৃহীত
আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলের কাছে আবারও একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে একই এলাকায় অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে মিয়ানমার ও কিয়াইকতো এলাকার ওপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।
গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের জন্য ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগর ও উত্তর বঙ্গোপসাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


