ছুটির দিনের বিকেল মানেই একটু আলাদা স্বাদ, বেশি আরাম আর প্রিয়জনদের সঙ্গে কাটানো নির্ভার সময়। এমন মুহূর্তে এক কাপ চায়ের সঙ্গে যদি থাকে গরম গরম চিকেন ডাম্পলিং, তাহলে আড্ডা ও আনন্দের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

বাইরের ব্যস্ততা ভুলে ঘরের উষ্ণ পরিবেশে সহজ উপকরণে তৈরি এই নাস্তা শুধু স্বাদেই নয়, মনেও এনে দেয় তৃপ্তি। তাই এই ছুটির বিকেলে চাইলে সহজেই বানিয়ে নিতে পারেন চিকেন ডাম্পলিং, যা আপনার নাস্তার টেবিলকে আরও আকর্ষণীয় করে তুলবে। রইলো রেসিপি—
উপকরণ
পুর তৈরির জন্য যা লাগবে
-চিকেন কিমা ২৫০ গ্রাম
-আদা–রসুন বাটা ১ চা চামচ
-পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
-সয়া সস ১ টেবিল চামচ
-গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ
-তেল ১ চা চামচ
-লবণ স্বাদমতো
ডো তৈরির জন্য যা লাগবে
-ময়দা ১ কাপ
-লবণ এক চিমটি
-তেল সামান্য
-পানি পরিমাণমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে কিমার সঙ্গে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিন। অন্যদিকে ডো তৈরির সব উপকরণ মিশিয়ে মসৃণ ডো তৈরি করে ১০ মিনিট ঢেকে রাখুন।
এরপর ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে ছোট ছোট পাতলা রুটি তৈরি করুন। রুটির মধ্যে পরিমাণমতো কিমার পুর দিয়ে কিনারাগুলো সুন্দরভাবে চেপে ডাম্পলিংয়ের আকার দিন। এরপর স্টিমারের পাত্রে সামান্য তেল মেখে ডাম্পলিংগুলো সাজিয়ে রাখুন। ফুটন্ত পানির ওপর স্টিমার বসিয়ে মাঝারি আঁচে ১০ থেকে ১৫ মিনিট ভাপিয়ে নিন।
তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন ডাম্পলিং। গরম গরম পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন।




