যুক্তরাষ্ট্রের মিশিগানের এক মায়ের বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ উঠেছে। মূলত সন্তানের বয়স ১৮ বছর পূর্ণ হোক তা মা চাননি বলেই তাকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সন্তানের ১৮তম জন্মদিনের ঠিক আগে ২১ ফেব্রুয়ারি সন্তানকে হত্যা করেন হল্যান্ডের মিশিগানের কেটি লি।
আদালত সূত্রে প্রতিবেদনে বলা হয়, কেটি লির বিরুদ্ধে প্রকাশ্যে খুন এবং গ্রেপ্তার প্রতিরোধের অভিযোগ আনা হয়েছে।
জননিরাপত্তা বিভাগ জানায়, ২১ ফেব্রুয়ারি লির বাড়িতে এমন ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছায়। পৌঁছানোর পর তারা ৩৯ বছর বয়সী লিকে ছুরি হাতে দেখতে পায় এবং টেজার ব্যবহার করে তাকে আটক করে।
পুলিশ জানায়, অ্যাপার্টমেন্টের ভেতর পুলিশ অভিযুক্ত লির ছেলে ১৭ বছর বয়সী অস্টিন ডিন পিকার্টের লাশ দেখতে পায়।
অভিযোগ অনুসারে, লি সেদিন অর্থ্যাৎ ২১ ফেব্রুয়ারি সকালে ৯১১ নম্বরে ফোন করে জানান যে, ‘কিছুক্ষণ ধরে’ অস্টিনের শ্বাস বন্ধ করার চেষ্টা করছে কিন্তু পারেননি।
লি অভিযোগ করেছেন যে, তিনি এবং তার ছেলে একসাথে ওষুধের অতিরিক্ত মাত্রা গ্রহণ করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। অভিযোগ অনুসারে, অস্টিন যখন জ্ঞান হারিয়ে ফেলেন, তখন তিনি ছুরি দিয়ে তার গলা এবং হাত কেটে ফেলেন। তিনি চেয়েছিলেন যে অফিসাররা তাকে হত্যা করুক যাতে সে তার ছেলের সাথে থাকতে পারে। কিন্তু পুলিশ এমনটা করেনি।


