মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে প্রবেশ করেছেন। শপথ গ্রহণ করার পর আজই প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩২ মিনিটে নতুন প্রধানমন্ত্রীর গাড়িটি সচিবালয়ে প্রবেশ করে।
নতুন প্রধানমন্ত্রীর প্রথম অফিসকে ঘিরে সচিবালয়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগে ব্যস্ততা বেড়েছে। নতুন প্রশাসনের কার্যক্রম সুষ্ঠুভাবে শুরু করতে কর্মকর্তা-কর্মচারীরা নানা প্রস্তুতিমূলক কাজ করেছেন।
প্রথম কর্মদিবসে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করবেন তিনি। পরে সচিবালয়েই মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন বলে জানা গেছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষটি প্রধানমন্ত্রীর জন্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। দাপ্তরিক ব্যবহারের প্রয়োজনীয় আসবাব, যোগাযোগব্যবস্থা ও আনুষঙ্গিক সরঞ্জাম এরইমধ্যে স্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




