
সমুদ্রসীমা, ১৮ ফেব্রুয়ারি – বাংলাদেশ কোস্ট গার্ড ২০২৫ সালে দেশের সমুদ্রসীমা, উপকূলীয় এলাকা এবং নদী তীরবর্তী অঞ্চলে ব্যাপক অভিযান পরিচালনা করে প্রায় ১৭ হাজার ৫১৬ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ জাল ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে।
বুধবার কোস্ট গার্ড সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনীর এই সাফল্যের চিত্র তুলে ধরা হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী বিগত এক বছরে বাহিনীটি প্রায় ১৫০ কোটি ৪১ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটকের পাশাপাশি ডাকাত ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২০৩টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এসব অভিযানে ১ হাজার ৫২৭ জন সন্ত্রাসী ও অবৈধ কাজে জড়িত ব্যক্তিকে আটকের পাশাপাশি মানবপাচার চক্রের ১৫ জন সদস্যকে আটক এবং ২৯৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। মাদকবিরোধী অভিযানেও বাহিনীটির সাফল্য উল্লেখযোগ্য যেখানে প্রায় ১৯৪ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা এবং বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ ৬৭০ জন মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে।
দেশের বন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানের ফলে বহির্নোঙ্গর এলাকায় দস্যুতা শূন্যের কোঠায় নেমে এসেছে এবং বন্দরের রেটিং বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া এমটি বাংলার জ্যোতি ও এমটি বাংলার সৌরভসহ বেশ কয়েকটি জাহাজের ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় কোস্ট গার্ড দ্রুত সাড়া দিয়ে পরিবেশ বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এই সাহসিকতার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও থেকে সম্মানজনক লেটার অফ কমেন্ডেশন অর্জন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মৎস্যসম্পদ রক্ষায় অভিযানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার নিষিদ্ধ জাল ও জাটকা জব্দ করার স্বীকৃতি হিসেবে বাহিনীটি বাংলাদেশ কোস্ট গার্ড রৌপ্য পদক ২০২৫ লাভ করেছে।
মাত্র ৭০০ কোটি টাকার বার্ষিক বাজেটের বিপরীতে এক বছরে ১৭ হাজার কোটি টাকার বেশি মূল্যের সম্পদ ও মাদক জব্দ করে কোস্ট গার্ড দেশের সুনীল অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে।
এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::২০২৫ সালে কোস্ট গার্ডের সাফল্য ১৭ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ ও মাদক জব্দ first appeared on DesheBideshe.