শ্রীলঙ্কার কালুতারায় অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। ওপেন অনূর্ধ্ব-২০ বিভাগে স্বর্ণপদক জিতেছেন তিনি। একই সঙ্গে ওপেন বিভাগেও রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।
টুর্নামেন্টে ৯ রাউন্ড শেষে সাকলাইনের পয়েন্ট ৭। শেষ রাউন্ডে মালয়েশিয়ার ফিদে মাস্টার লিম জোও রিনকে হারিয়ে নিজের অবস্থান আরও শক্ত করেন। এই পারফরম্যান্সের মাধ্যমে বয়সভিত্তিক অনূর্ধ্ব-২০ বিভাগে সেরা হওয়ার পাশাপাশি ওপেন বিভাগেও দ্বিতীয় স্থান নিশ্চিত করেন।
স্ট্যান্ডার্ড ইভেন্ট ছাড়াও র্যাপিড দাবায় অনূর্ধ্ব-২০ বিভাগে রৌপ্য এবং ব্লিটজ বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন সাকলাইন। অন্যদিকে মহিলা র্যাপিড বিভাগে ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজাও রৌপ্য পদক অর্জন করেন।
বাংলাদেশের তরুণ দাবাড়ুদের মধ্যে সাকলাইনকে দীর্ঘদিন ধরেই সম্ভাবনাময় হিসেবে দেখা হয়। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আগেও বেশ কয়েকটি সাফল্য রয়েছে তার। গত বছর স্পেনে বিশেষ প্রশিক্ষণের সুযোগ পেলেও নানা কারণে সেখানে অংশ নিতে পারেননি। এবার আন্তর্জাতিক মঞ্চে পদক জিতে নিজের সামর্থ্যের নতুন প্রমাণ দিলেন তিনি।
অন্য বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ৬ পয়েন্ট নিয়ে ১৬তম এবং রায়ান রশিদ মুগ্ধ ৫ পয়েন্ট নিয়ে ৩৯তম অবস্থানে শেষ করেন। বয়সভিত্তিক অনূর্ধ্ব-১২ বিভাগে রায়ান ৫.৫ পয়েন্ট নিয়ে দশম হন। বালিকা অনূর্ধ্ব-১৬ বিভাগে জান্নাতুল প্রীতি সাড়ে চার পয়েন্ট নিয়ে ১৮তম স্থান অর্জন করেন। ওপেন অনূর্ধ্ব-১৮ বিভাগে জায়ান খান এবং অনূর্ধ্ব-১৬ বিভাগে সায়ান মেরাব হাসানও অংশ নেন। অসুস্থতার কারণে শেষ দুই রাউন্ড খেলতে না পারলেও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ৭ খেলায় ৩ পয়েন্ট সংগ্রহ করেন।
প্রতিযোগিতার ওপেন শিরোপা জিতেছেন ভারতের গ্র্যান্ড মাস্টার মিত্রভা গুহ। ১৩টি দেশের মোট ৯৬ জন দাবাড়ু অংশ নেন এই আসরে, যেখানে ছিলেন একাধিক গ্র্যান্ড মাস্টার ও আন্তর্জাতিক মাস্টার।




