কর্মবিরতি, শ্রমিক অসন্তোষ, কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুরের ঘটনা অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন তৈরি পোশাকশিল্পের মালিকরা।
এ বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন কারখানার মালিকরা। পরিস্থিতির উন্নতি না হলে আগামী শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে জরুরি সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
চলমান শ্রম অসন্তোষ ও শিল্পকারখানার পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি সাধারণ সভা আহ্বান করতে যাচ্ছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও কর্মসূচি অব্যাহত রাখলে এবং কারখানায় ভাঙচুর ও সম্পদ নষ্টের ঘটনা ঘটতে থাকলে মালিকপক্ষ আরও কঠোর অবস্থানে যেতে পারে। এমন পরিস্থিতিতে শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের পাশাপাশি মজুরি বোর্ডের আলোচনায় অংশগ্রহণের বিষয়টিও পুনর্বিবেচনা করতে পারেন তারা।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী,
কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক ওই শাখা বা প্রয়োজনে পুরো প্রতিষ্ঠান বন্ধ করতে পারবেন। এবং এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকগণ কোনো মজুরি পাবেন না।



