পে-স্কেলের গেজেটে যেসব পরিবর্তন এলো

সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেলের গেজেটে সংশোধনী এনেছে সরকার। পেনশন, আনুতোষিক ও অবসর-উত্তর ছুটির হিসাব নির্ধারণে নতুন কিছু ব্যাখ্যা যুক্ত করা হয়েছে। এতে ১ জুলাই থেকে নতুন বেতনস্কেল কার্যকর হওয়ার পর যেসব কর্মচারী অবসর-উত্তর ছুটিতে গেছেন বা যাবেন, তাদের সুবিধা নির্ধারণের নিয়ম স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি ছুটি নগদায়নের বিষয়েও নতুন নির্দেশনা দেয়া হয়।

পে-স্কেল

বুধবার (১১ নভেম্বর) সরকারি গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ নির্দেশনা প্রকাশ করা হয়।

সংশোধিত গেজেটে নিট পেনশন বৃদ্ধির হার, সর্বনিম্ন ও সর্বোচ্চ পেনশনের সীমা এবং আনুতোষিকের হার আগের মতোই রাখা হয়েছে। তবে মূল বেতন নির্ধারণ, অবসর-উত্তর ছুটির সময় অনুযায়ী পেনশন ও আনুতোষিকের হিসাব, আগে নিষ্পত্তি হওয়া দাবির পুনর্নির্ধারণ এবং পারিবারিক পেনশন ও উৎসব ভাতা বণ্টনে নতুন বিধান যুক্ত হয়েছে।

নতুন গেজেটে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে ১১ নভেম্বর নতুন আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী আহরিত মূল বেতনের ভিত্তিতে কোনো কর্মচারীর নিট পেনশন ও আনুতোষিকের দাবি নিষ্পত্তি হয়ে থাকলে, প্রযোজ্য ক্ষেত্রে তা পুনর্নির্ধারণ করতে হবে। পুনর্নির্ধারণের ফলে অতিরিক্ত অর্থ প্রাপ্য হলে তা পরিশোধ করতে হবে।

নতুন গেজেটে অবসর-উত্তর ছুটি শুরুর তারিখ অনুযায়ী দুটি পৃথক বিধান করা হয়েছে। যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখে শুরু হয়েছে, তাদের ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ দেওয়া হবে। ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিক সংশোধিত বিধান অনুযায়ী নির্ধারণ করা হবে।

অন্যদিকে, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ২ জুলাই ২০২৬ বা পরবর্তী সময়ে শুরু হয়েছে বা হবে, তাদের ছুটিকালীন বেতন ও ভাতাদি জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী নির্ধারণ করা হবে। ছুটি শেষে তাঁদের নিট পেনশন ও আনুতোষিকও নতুন বিধানের আলোকে হিসাব করা হবে।

গেজেট দেখতে ক্লিক করুন।

Scroll to Top