ছাত্রশিবিরের সাবেক যেসব শীর্ষ নেতাকে জামায়াত এবার মনোনয়ন দিয়েছে, তাঁদের মধ্যে সবচেয়ে কম বয়সী তিনজন হলেন মো. রাশেদুল ইসলাম, সালাহউদ্দিন আইউবী ও মোবারক হোসাইন।
রাশেদুল ইসলামকে শেরপুর–১ আসনে প্রার্থী করেছে জামায়াত। তিনি ২০২২ সালে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। এর আগের বছর তিনি সংগঠনের সেক্রেটারি জেনারেল ছিলেন।
সালাহউদ্দিন আইউবী গাজীপুর-৪ আসনে জামায়াতের প্রার্থী। তিনি ২০২১ সালে শিবিরের সভাপতি ছিলেন। ২০২০ সালে ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল।
কুমিল্লা–৫ আসনে জামায়াতের প্রার্থী মোবারক হোসাইন ২০১৯ সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তার আগে ২০১৭ ও ২০১৮ সালে তিনি সংগঠনের সেক্রেটারি জেনারেল ছিলেন।
আর কুমিল্লা–১০ আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত ২০১৭ ও ২০১৮ সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এ ছাড়া ২০১৬ সালে তিনি সংগঠনের সেক্রেটারি জেনারেল ছিলেন।
শিবিরের সাবেক শীর্ষ নেতা ও তরুণদের প্রার্থী করার বিষয়ে পটুয়াখালী-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলোকে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে তরুণ-যুবকদের ভূমিকার বিষয়টি বিবেচনায় রেখে প্রার্থী তালিকায় তরুণ ও অভিজ্ঞদের সমন্বয় ঘটানো হয়েছে।


