শহীদ জিয়ার শুরু করা খাল, ৫০ বছর পর পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

শহীদ জিয়ার শুরু করা খাল, ৫০ বছর পর পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

দীর্ঘ পাঁচ দশক আগে শুরু হওয়া উলাশী-যদুনাথপুর খাল খনন উদ্যোগের পুনরুজ্জীবন এবং একটি ৫০০ শয্যার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করতে আগামী সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এ তথ্য জানিয়েছেন।

১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শার উলাশী-যদুনাথপুর খাল খননের মধ্য দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কর্মসূচির সূচনা করেছিলেন, সেটিকে নতুন করে বাস্তবায়নের অংশ হিসেবে এবার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, খালটি পুনরুদ্ধার হলে এ অঞ্চলের কৃষিব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সেচব্যবস্থা আরও শক্তিশালী হবে।

একই সফরে প্রধানমন্ত্রী যশোরে ৫০০ শয্যার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করবেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক লাখ মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা অবকাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, হাসপাতালটি চালু হলে উন্নত চিকিৎসার জন্য দূরদূরান্তে ছুটতে হবে না এবং দীর্ঘদিনের ভোগান্তি কমবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে সরকার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দীর্ঘদিন উন্নয়ন স্থবির ছিল। অবকাঠামো ও স্বাস্থ্যখাতে যে ঘাটতি ছিল, তা পূরণে বর্তমান উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

সফরকালে প্রধানমন্ত্রী ঐতিহাসিক যশোর ইনস্টিটিউট লাইব্রেরি পরিদর্শন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সফর উপলক্ষে সব প্রস্তুতি প্রায় শেষ। আয়োজকরা আশা করছেন, এ সফরকে ঘিরে যশোর অঞ্চলে উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হবে।

Scroll to Top