শহীদ জিয়ার উদ্বোধন করা খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

শহীদ জিয়ার উদ্বোধন করা খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন। ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন স্থলে পৌঁছে ফলক উন্মোচনের পরে খালের পাড়ে নেমে নিজের হাতে কোদাল দিয়ে মাটি কাটেন প্রধানমন্ত্রী। পরে তিনি খালের পাড়ে বৃক্ষরোপণ করেন।

আজ শনিবার (১৬ মে) দুপুরে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজারে ফলক উন্মোচন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

১৯৭৭-৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতি সচল রাখতে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সে সময় তিনি শাহরাস্তিতে এসে খোর্দ্দ খাল খনন কার্যক্রম উদ্বোধন করেছিলেন। ৪৮ বছর পর সেই খাল পুনঃখনন করলেন তাঁর ছেলে তারেক রহমান।

খোর্দ্দ খাল পুনঃখননের কাজ উদ্বোধন শেষে পাশে তৈরি মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। খালের দুই পাশে কয়েক হাজার নেতা-কর্মী-সমর্থকরা তুমুল স্লোগান ও করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা সদস্য সচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এরপর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্বখাল’ পুনঃখনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।

বিশ্বখালটি ডাকাতিয়া নদী থেকে ঘোষের হাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত দীর্ঘ একটি খাল।

Scroll to Top