লাদাখকে রাজ্য ঘোষণার দাবিতে বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ | চ্যানেল আই অনলাইন

লাদাখকে রাজ্য ঘোষণার দাবিতে বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ | চ্যানেল আই অনলাইন

লাদাখকে রাজ্য ঘোষণার দাবিতে চলমান আন্দোলন সহিংস রূপ নিয়েছে। লেহ শহরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পাথর নিক্ষেপ করে এবং একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। চলমান রাজ্য পুনর্বহালের দাবিতে এটি এই অঞ্চলের প্রথম বড় ধরনের সহিংসতার ঘটনা।

আজ ২৪ সেপ্টেম্বর বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সকালে শত শত বিক্ষোভকারী লেহ শহরের রাস্তায় নেমে রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে স্লোগান দিতে থাকে। আন্দোলনকারীরা গত দুই সপ্তাহ ধরে অনশন কর্মসূচি পালন করছে এবং আজ সর্বাত্মক হরতালের ডাক দেয়।

বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনতা লেহ শহরে বিজেপির কার্যালয়ে হামলা চালায়, পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে এবং পরে পুলিশের একটি যানবাহন পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জ চালায়। গত দুই সপ্তাহ ধরে পরিবেশকর্মী সোনম ওয়াংচুক রাজ্যের মর্যাদা পুনর্বহাল ও ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় লাদাখকে আনার দাবিতে অনশন করছেন।

২০১৯ সালের আগস্টে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্তির পর জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিভক্ত করে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। শুরুতে এই পদক্ষেপকে স্বাগত জানালেও এক বছরের মাথায় স্থানীয়দের মধ্যে প্রশাসনিক শূন্যতা, ভূমি ও সম্পদের সুরক্ষার অভাব এবং সাংস্কৃতিক পরিচয় হারানোর আশঙ্কা থেকে অসন্তোষ বাড়তে থাকে।এই অসন্তোষ থেকেই শুরু হয় বৃহত্তর আন্দোলন ও অনশন কর্মসূচি।

Scroll to Top