বালু উত্তোলন বন্ধ করায় নৌপুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ গুলিবিদ্ধ | চ্যানেল আই অনলাইন

বালু উত্তোলন বন্ধ করায় নৌপুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ গুলিবিদ্ধ | চ্যানেল আই অনলাইন

পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযানে গিয়ে কুষ্টিয়ার হরিপুরে পদ্মার চরে সন্ত্রাসীদের গুলিতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। 

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকায় পদ্মানদীর মাঝে এ ঘটনা ঘটে। তারা পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্য।

এ ঘটনায় পুলিশের পরিদর্শকসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

নৌপুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতের একজন রাজশাহী মেডিকেলে ভর্তি রয়েছেন।

এসপির ভাষ্যমতে, রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাড়ির সদস্যরা জানতে পারেন কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর অংশে পদ্মানদীতে অবৈধভাবে খনন যন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এমন খবর পেয়ে সেখানে ওসিহ অভিযানে যান।

সেখানে পৌঁছানো মাত্র পুলিশের ওপর অতর্কিতভাবে শর্টগানের গুলি ছোড়ে। এতে ছররা গুলিতে পাঁচজনই আহত হন। তার আগে পুলিশকে জিম্মি করে রাখা হয়। তাদেরকে দ্রুত পাবনা হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Scroll to Top