রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোড কার্যক্রম শুরু আজ | চ্যানেল আই অনলাইন

রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোড কার্যক্রম শুরু আজ | চ্যানেল আই অনলাইন

দীর্ঘ প্রায় এক দশকের প্রস্তুতি, অবকাঠামো উন্নয়ন এবং জটিল প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের পর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বড় এক ধাপ এগোচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে।

গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে কমিশনিং লাইসেন্স পাওয়ার পর প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করে আজ বিকেলে এই গুরুত্বপূর্ণ কার্যক্রম উদ্বোধন করা হবে।

এ উপলক্ষে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভ ১৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সরকারি সূত্র জানায়, তিনি ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে হেলিকপ্টারে করে রূপপুর প্রকল্প এলাকায় যাবেন।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীসহ বাংলাদেশ ও রাশিয়ার সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন করবেন।

আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড ও কারিগরি শর্ত পূরণে বিলম্বের কারণে এর আগে কয়েক দফা সময় নির্ধারণ করেও জ্বালানি লোডিং শুরু করা যায়নি। তবে সব বাধা অতিক্রম করে এখন পুরোপুরি প্রস্তুত প্রথম ইউনিট। ইতোমধ্যে এই কার্যক্রমে অংশ নিতে ৫৯ জন বাংলাদেশি বিশেষজ্ঞ অপারেটিং লাইসেন্স পেয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জ্বালানি লোডিং প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ৪৫ দিন সময় লাগবে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। আর বছরের শেষ বা আগামী বছরের শুরুতে পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু হলে এই ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে নির্মিত এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। রাশিয়ার অর্থায়ন ও কারিগরি সহায়তায় নির্মিত কেন্দ্রটিতে আধুনিক ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দুটি ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

Scroll to Top