রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, পতাকায় মোড়া সুরসম্রাজ্ঞী | চ্যানেল আই অনলাইন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, পতাকায় মোড়া সুরসম্রাজ্ঞী | চ্যানেল আই অনলাইন

রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হলো ভারতীয় সংগীতজগতের কিংবদন্তী কণ্ঠশিল্পী আশা ভোঁসলে-কে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে মুম্বাইয়ের শিবাজি পার্ক শ্মশানে সম্পন্ন হয় তার শেষকৃত্য।

ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত, তারকা, রাজনীতিক ও সংস্কৃতি অঙ্গনের মানুষজন একত্রিত হয়ে এই মহান শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান।

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, পতাকায় মোড়া সুরসম্রাজ্ঞী | চ্যানেল আই অনলাইনরাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এই শেষকৃত্যে জাতীয় পতাকায় মোড়ানো হয় আশা ভোঁসলের মরদেহ। মুম্বাই পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় গান স্যালুট। উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানান সুরসম্রাজ্ঞীকে, যার কণ্ঠ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে।

পরিবারের পক্ষ থেকে তার ছেলে আনন্দ ভোঁসলে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবার-পরিজন, ঘনিষ্ঠজন ও অসংখ্য ভক্ত। শোকের আবহে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

শেষ বিদায়ের মুহূর্তে আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। নাতনি জানাই ভোঁসলেকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়, যা উপস্থিত সবাইকে ছুঁয়ে যায়। পরিবারের সঙ্গে তার গভীর সম্পর্কের প্রতিফলন ছিল সেই মুহূর্তে!

শেষকৃত্যের আগে কিংবদন্তী এই শিল্পীকে সংগীতের মাধ্যমে শ্রদ্ধা জানান গায়ক শান ও সুদেশ ভোঁসলে। তাদের পরিবেশনা যেন হয়ে ওঠে এক আবেগময় বিদায় সংগীত।

শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বলিউডের তারকা আমির খান, ভিকি কৌশল, আনু মালিক, বিবেক ওবেরয়সহ আরও বহু পরিচিত মুখ।

এর আগে লোয়ার পারেলের বাসভবনে শেষ শ্রদ্ধা জানাতে রাখা হয়েছিল আশার মরদেহ। যেখানে ভক্তদের জন্য ছিল ‘শেষ দর্শন’-এর সুযোগ। সেখানেও ছিল উপচে পড়া ভিড়। সাধারণ ভক্ত অনুরাগীদের পাশাপাশি আশাকে শেষবারের মতো দেখতে উপস্থিত হয়েছিলেন ভারতীয় শোবিজ অঙ্গনের তারকারা।

৯২ বছর বয়সে এই কিংবদন্তীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো ভারতজুড়ে। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন শাহরুখ, অক্ষয় থেকে কাজলসহ অসংখ্য তারকা। সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল, রাহুল বৈদ্য গানে গানে শ্রদ্ধা জানান এই কালজয়ী কণ্ঠকে।

আট দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে ১২ হাজারের বেশি গান গেয়ে আশা ভোঁসলে হয়ে উঠেছিলেন সংগীতের এক জীবন্ত ইতিহাস। বলিউড বাবল

Scroll to Top