রাঙ্গামাটি জেলার সদর উপজেলাধীন কুতুকছড়ি আবাসিক এলাকায় প্রতিপক্ষের গুলিতে ধর্মসিংহ নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নিহত ধর্মসিংহ চাকমার দুইবোন কৃপাসোনা চাকমা ও ভাগ্য সোনা চাকমা।
শুক্রবার ১৭ এপ্রিল সকাল আনুমানিক ৭ টার সময় এই ঘটনা ঘটে।
নিহত ধর্মসিংহ চাকমা ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি বলে জানা গেছে।
ইউপিডিএফ এই ঘটনার জন্য জন সংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করে সকাল থেকে রাঙ্গামাটির কুতুকছড়ি-খাগড়াছড়ি সড়কে অবরোধ করেছে।
ইউপিডিএফ সুত্র জানায়, শুক্রবার সকাল ৭ টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন ধর্ম সিংহ চাকমা এমন সময় জনসংহতি সমিতির ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে।
এসময় ধর্মসিংহ চাকমা পালাতে চাইলে অস্ত্রধারীরা ব্রাশফায়ার করে। পরে ঘটনাস্থলেই মারা যান ধর্মসিংহ চাকমা। এসময় ধর্ম সিংহের দুই বোন গুলিবিদ্ধ হন বলে জানায় ইউপিডিএফ।
তবে এ বিষয়ে জেএসএস এর কোন বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার জানান, শুক্রবার সকালে রাঙ্গামাটির কুতুকছড়িতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত এবং দুজন আহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এ ঘটনায় বর্তমানে সাপছড়ি-খাগড়াছড়ি সড়কে অবরোধ চলছে এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।




