বাজেটে নির্মাণ উপকরণ সিমেন্ট ও রডের কাঁচামাল আমদানিতে শুল্কহারে পরিবর্তন আনা হয়েছে। তাতে এই দুটি পণ্যের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। দুই খাতের উদ্যোক্তারা বলছেন, নতুন শুল্ক–কর আরোপের কারণে টনপ্রতি রড উৎপাদনে খরচ বাড়বে ৯০০ টাকা। অন্যদিকে সিমেন্টে উৎপাদনে খরচ বাড়বে ৪০০ টাকার বেশি।
এবারের বাজেটে সিমেন্টের কাঁচামাল ক্লিংকার আমদানিতে নির্দিষ্ট শুল্ক বাদ দিয়ে মূল্যের ওপর শতাংশ হারে শুল্ক–কর আরোপ করা হয়েছে। যেমন সিমেন্ট ক্লিংকার আমদানির ক্ষেত্রে আগে কাস্টমস শুল্ক ছিল প্রতি টনে ৭০০ টাকা। এখন নির্দিষ্ট শুল্ক বাদ দিয়ে মূল্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্কহার আরোপ করা হয়েছে। তবে যাদের এ খাতের শিল্পকারখানা রয়েছে, তাদের ক্ষেত্রে এ হার হবে ১৫ শতাংশ।



