আবুধাবিতে বৈঠকের আগে বৃহস্পতিবার রাতে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। ছিলেন মার্কিন প্রতিনিধি জোস গ্রুয়েনবাউমও। তিনি গাজা ‘বোর্ড অব পিসে’ জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। বৈঠকের আগে উইটকফ সাংবাদিকদের বলেন, বহু মাসের আলোচনার পর এখন একটি মাত্র বিষয় নিয়ে সমস্যা রয়েছে।
সমস্যাটি কী, তা জানাননি উইটকফ। তবে বৈঠকের পর ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভের কথায় স্পষ্ট—সমস্যা ভূখণ্ড নিয়ে। সাংবাদিকদের তিনি বলেন, মার্কিন প্রতিনিধিদের বলা হয়েছে, গত বছর আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে যে আলোচনা হয়েছিল, সে অনুযায়ী ভূখণ্ডগত সমস্যার সমাধান না হলে দীর্ঘমেয়াদি শান্তির কোনো আশা থাকবে না।
পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিরা প্রায় চার ঘণ্টা বৈঠক করেন। এই বৈঠক ‘গঠনমূলক ও খুবই খোলামেলা’ হয়েছে বলে উশাকভ উল্লেখ করেন। তিনি বলেন, ইউক্রেন সমস্যার কূটনৈতিক সমাধানে আগ্রহী পুতিন। তা না হওয়া পর্যন্ত ইউক্রেনে রাশিয়া যে বিশেষ সামরিক অভিযান চলছে, তার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাবে মস্কো। যুদ্ধক্ষেত্রে রাশিয়াই এগিয়ে রয়েছে।
২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপসহ ইউক্রেনের প্রায় ২০ শতাংশ অঞ্চল এখন রাশিয়ার দখলে। এর মধ্যে সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল। এর ৮০ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। যুদ্ধ বন্ধে বাকি অংশ থেকেও ইউক্রেনের সেনা প্রত্যাহারের দাবি করেছে মস্কো। যদিও কিয়েভের ভাষ্য, দেশের জনগণের সম্মতি ছাড়া কখনো ভূখণ্ড ছাড়বে না তারা।

